পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা শুরু হয়। তবে দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন নাকি পাকিস্তানের কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চলছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সরাসরি নাকি পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা।
এদিকে আলোচনা শুরুর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরানের কর্মকর্তারাও শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
ঐতিহাসিক এই আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।