ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরগুনা জেলায় শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র ৭২ ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এরই অংশ হিসেবে জেলার দুই সংসদীয় আসনের ছয় উপজেলায় ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরগুনা জেলার দুই আসনে মোট ৩১২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আমতলী উপজেলায় ১৮টি। পাশাপাশি বরগুনা সদর উপজেলায় ৮টি, পাথরঘাটা উপজেলায় ১০টি এবং তালতলী, বামনা ও বেতাগী উপজেলায় ৫টি করে ভোটকেন্দ্র ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সম্ভাব্য যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তসলিম আক্তার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন।