নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে ময়মনসিংহ বিভাগে এসে তৃতীয় নির্বাচনী সমাবেশে করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে আয়োজন করা হয়। সেখানে বিকেল ৪টা ৩০ মিনিটে বিএনপির চেয়ারম্যান মঞ্চে উঠেন।
বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছিল, বেলা ২টা ৩০ মিনিটে এই সমাবেশে তারেক রহমান বক্তব্য রাখবেন।
মঞ্চে ওঠার পূর্বেই তারেক রহমান সমাবেশেস্থলে পাশে থাকা জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল। তরুণ-যুবক যারা, তারা আপনারা বইয়ের পাতায় পড়েছেন, মুরুব্বি যারা আছে, আমাদের বয়সী যারা আছে, তারা দেখেছেন, জানেন; সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। পরবর্তীতে ২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের ছাত্র-জনতাসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
একাত্তর সালে যুদ্ধে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলিম, কে খ্রিষ্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখেনি। এবারও ১২ তারিখে নির্বাচনে আমাদের সকলকে ধর্ম-বর্ণ নির্বিশেষ একসাথে থাকতে হবে।আমরা ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব, আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, বহু বছর হয়ে গেছে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। যেহেতু আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এর আগে বিভিন্নজন বিভিন্নভাবে ভোট লুটপাট করে নিয়ে গেছে।
তাই এভার ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোরবেলা ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু, ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। ভোটকেন্দ্রের সামনে থাকতে হবে। কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসবেন।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড, বেকার সমস্যা সমাধানের ব্যবস্থাসহ সরকার গঠন করতে চান বিএনপি চেয়ারম্যান। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের জন্য ভোট চান তিনি।
এর আগে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ বলে স্লোগান দিতে থাকেন। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। তারেক রহমান মঞ্চে ওঠার পর তার কাছে ময়মনসিংহের তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান স্থানীয় নেতারা।
তারেক রহমান মঞ্চে ওঠার আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু, লৎফুরজ্জামান বাবর। এছাড়াও দক্ষিণ জেলা আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের প্রার্থী জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার ও উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সঞ্চালনায় সমাবেশে ২৩ আসনের প্রার্থীরা ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ জেলা ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশে আসা নেতাকর্মীদের একটি বড় অংশই ছিলেন মধ্যবয়সী। তারা স্মৃতিচারণ করে বলেন, এই মাঠেই তারা এর আগে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।