‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫।
বৃহস্পতিবার (১৮,ডিসেম্বর) এ উপলক্ষ্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে আলোচনা সভা,প্রবাসীদের ভোটার নিবন্ধন বিষয়ক মতবিনিময়, প্রবাসী সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ পোস্টাল ভোট বিডির ভোটার নিবন্ধন বিষয়ক নানা জটিলতার বিষয়ে প্রবাসীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সম্মাননা পাওয়া দুই সাংবাদিককে অভিনন্দন জানান এবং তিনি বলেন, এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত প্রাপ্তি নয়,বরং এটি প্রবাসে কর্মরত সব সাংবাদিকের জন্যই অনুপ্রেরণা ও সম্মানের।
বাংলাদেশ মিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহর সঞ্চালনায় দিবসটির আলোচানা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মাসুম বিল্লাহ্।পরবর্তীতে সভায় প্রধান উপদেষ্টা,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা,পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা,কল্যাণ সহকারী আল-মামুন পাঠান,কনস্যুলার সহকারী ময়নাল হোসেন এবং হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
এরপর দিবসটি উপলক্ষে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সন্মাননা সনদ প্রদান করা হয় সময় টিভি ও নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার এবং নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদারকে।
এছাড়াও দেশটিতে বসবাসরত প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হুদ ইব্রাহিম এবং ট্রেজারার ইয়াশা শরিফ।IOM-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির রিপ্রেজেনটেটিভ উরাইবা আসিফ। এছাড়াও দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাংলাদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক হিসেবে ইসহাক মুসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি,বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান,বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদের মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন,প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।প্রবাসীদের হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি টিকে আছে।তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং মালদ্বীপে আসার ক্ষেত্রে প্রতারণার শিকার প্রবাসীদের সহায়তায় গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে আলোকপাত করেন।
এছাড়াও তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি সকল বাংলাদেশীকে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে বসবাস করার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি ভিডিও) প্রদর্শন করা হয় আঁধার পেরিয়ে।শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিবসটি উপলক্ষে কেক কাটেন বাংলাদেশ হাইকমিশনার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের যুগ্ম সম্পাদক মল্লিকা খাতুন, সবেক সভাপতি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান।