দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরির ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে। দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলটি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের শ্রমজীবী মানুষের দুরবস্থার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় বিরোধী দলের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়া উচিত সরকারের।
সরকারের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা বাহিনীকে দিয়েই বর্তমান সরকার কার্যক্রম চালাচ্ছে। তাঁর ভাষ্য, সাত মাসের মধ্যেই সরকার বিভিন্ন বিষয়ে জটিলতার মধ্যে পড়েছে।
বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি নিজেরাই তাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করছে না। বিশেষ করে ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি দেশের শ্রমিকদের অধিকার রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক অঙ্গনে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।