ট্রেনে উঠতে ৬০ কিলোমিটার পথ পাড়ি, চকরিয়ায় স্টপেজ চান ২০ লাখ মানুষ

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল করছে, স্টেশনও রয়েছে চকরিয়ায়। কিন্তু ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে উঠতে হলে চকরিয়া ও আশপাশের এলাকার যাত্রীদের যেতে

2026-10-21T15:32:20+00:00
2026-10-21T15:32:20+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রেনে উঠতে ৬০ কিলোমিটার পথ পাড়ি, চকরিয়ায় স্টপেজ চান ২০ লাখ মানুষ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল করছে, স্টেশনও রয়েছে চকরিয়ায়। কিন্তু ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে উঠতে হলে চকরিয়া ও আশপাশের এলাকার যাত্রীদের যেতে হচ্ছে প্রায় ৬০ কিলোমিটার দূরের কক্সবাজার রেলস্টেশনে। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বিপুলসংখ্যক মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ কমাতে চকরিয়া রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।

চকরিয়া রেলস্টেশন মাতামুহুরী, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং বান্দরবানের লামা ও আলীকদম এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে এ স্টেশন দিয়ে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করলেও ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের যাত্রাবিরতি নেই। ফলে রাজধানীমুখী যাত্রীদের ট্রেনে উঠতে নিজেদের গন্তব্যের বিপরীত দিকে কক্সবাজার যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রেলপথ ও স্টেশন থাকা সত্ত্বেও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে ওঠার সুযোগ না থাকায় চকরিয়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চিকিৎসার জন্য ঢাকাগামী রোগী, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। চকরিয়া স্টেশনে যাত্রাবিরতি চালু হলে যাতায়াতের দূরত্ব কমার পাশাপাশি সময় ও খরচও সাশ্রয় হবে বলে মনে করছেন তাঁরা।

চকরিয়ার গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী মো. সাঈদী আকবর ফয়সাল জানান, জনস্বার্থে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে প্রথমবারের মতো রেলপথ উপদেষ্টার কাছে আবেদন করেন তিনি। পরে বিষয়টি নিয়ে মতামত যাচাইয়ের জন্য রেলপথ অধিদপ্তর একটি পরিপত্র প্রকাশ করে। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে রেলপথমন্ত্রীর কাছে আবারও আবেদন করা হয়েছে।

সাঈদী আকবর ফয়সাল বলেন, রেলপথে ট্রেন চলাচল করলেও চকরিয়ার যাত্রীদের ঢাকাগামী ট্রেনে উঠতে প্রায় ৬০ কিলোমিটার দূরে কক্সবাজার যেতে হয়। সম্প্রতি মহানগর এক্সপ্রেসের চলাচল নিয়ে রেলওয়ের ঘোষণায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে চকরিয়া স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত না হলে বৃহত্তর এলাকার মানুষের ভোগান্তি থেকেই যাবে।

তিনি জনস্বার্থ বিবেচনায় চকরিয়া স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের অন্তত তিন মিনিটের যাত্রাবিরতি চালুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে বৃহত্তর এলাকার মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে রেল যোগাযোগের সুবিধা বাড়বে এবং জনদুর্ভোগ কমবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, চকরিয়া থেকে ঢাকায় রেলপথে যেতে চাইলে যাত্রীদের আগে উল্টো দিকে কক্সবাজার যেতে হচ্ছে। যে ট্রেন চকরিয়া স্টেশনের ওপর দিয়ে চলাচল করে, তাতে উঠতে অন্য শহরে যাওয়ার প্রয়োজন হওয়াটা দুর্ভাগ্যজনক। জনদুর্ভোগ কমাতে চকরিয়া স্টেশনে পর্যটক এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা প্রয়োজন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোহাম্মদ সুবক্তগীন বলেন, চকরিয়া রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি নেই, বিষয়টি ঠিক। তবে সম্প্রতি চালু হওয়া মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতির বিষয়ে যাত্রী চাহিদা, স্টেশনের গুরুত্ব ও পরিচালনাগত বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকার বাসিন্দাদের দাবি, যাত্রী চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় চকরিয়া স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা হলে প্রায় ২০ লাখ মানুষের রেলযাত্রা সহজ হবে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর উদ্যোগ চান তাঁরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: