হিসাবের মারপ্যাঁচে বাংলাদেশ, আজ আফগানদের বিপক্ষে বড় জয়ের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

খেলা

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের শুরুতেই চাপে

2026-10-21T11:58:56+00:00
2026-10-21T11:58:56+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
হিসাবের মারপ্যাঁচে বাংলাদেশ, আজ আফগানদের বিপক্ষে বড় জয়ের চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ এএম 
সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়েছে টাইগাররা। ফলে ফাইনালে ওঠার আশা ধরে রাখতে আজ বুধবার আফগানদের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটের সমীকরণও মেলাতে হবে বাংলাদেশকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। তবে কাজটি সহজ হবে না। জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটেও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে দলটি।

এক ম্যাচে জয় পেয়ে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তালিকার তলানিতে বাংলাদেশ।

ফলে আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই বাংলাদেশের ফাইনালে ওঠা নিশ্চিত হবে না। ব্যবধানও হতে হবে বড়। হিসাব অনুযায়ী, আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানে জিততে হবে টাইগারদের। আর পরে ব্যাটিং করলে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে তাড়া করে নেট রান রেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

সমীকরণে দেখা যাচ্ছে, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। লক্ষ্য ২২০ রান হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারে, আর ২৫০ রানের লক্ষ্য হলে জয় নিশ্চিত করতে হবে ৪১.৩ ওভারের মধ্যে।

একইভাবে ২৬০ রানের লক্ষ্য পেলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য পেলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য পেলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। অর্থাৎ, রান তাড়ায় দ্রুত রান তোলার পাশাপাশি উইকেট ধরে রাখাও হবে গুরুত্বপূর্ণ।

তবে বাংলাদেশের সামনে বাধা শুধু নেট রান রেট নয়, আফগানিস্তানের সাম্প্রতিক আধিপত্যও। ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। কিন্তু সর্বশেষ ছয় দেখায় পাঁচবারই জয় পেয়েছে আফগানিস্তান। সেই জয়গুলোর সব কটিই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।

এমন পরিস্থিতিতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে বাংলাদেশকে। শুরুতে দ্রুত উইকেট হারানো এড়িয়ে বড় সংগ্রহ গড়া কিংবা রান তাড়ায় শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে আফগান ব্যাটারদের আটকে রেখে বড় ব্যবধানে জয়ের সুযোগ তৈরি করতে হবে বোলারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

ফাইনালে যাওয়ার পথ কঠিন হলেও বাংলাদেশের সামনে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নেওয়ার পাশাপাশি রান ও ওভারের হিসাবেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: