মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে তাঁর দলীয় সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।
মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ওই পরিস্থিতিতে ইশরাক যা করা প্রয়োজন মনে করেছেন, তা করেছেন। তবে অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ইশরাকের কাজকে সরাসরি নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্যে অস্ত্র বহন করলে কিংবা অস্ত্র দিয়ে কাউকে লক্ষ্য করলে, অন্যরা সেটিকে ভুলভাবে ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে নিতে পারে। উদ্দেশ্য ভালো হলেও কোনো কাজের পদ্ধতি সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে যায় না।
মাদক নির্মূলের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাঁদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করা। এ জন্য আইন প্রণয়নের পাশাপাশি মাদকের বিস্তার রোধে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের চকবাজারের সাফা আর্কেডে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির এবং নগর জামায়াত আয়োজিত সাবেক সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে ভোট না দিলে তহবিল বরাদ্দ ও উন্নয়নকাজ বন্ধ থাকার কথা বলছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে, তা আশাব্যঞ্জক নয়।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের জবাব দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, কোনো কাঁচা কথার জবাব দেওয়ার মতো সময় আমাদের নেই। আমাদের প্রধান কাজ হলো জনগণের বাস্তব সমস্যার সমাধান করা।