
বেতাগী উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, বেতাগীর বিভিন্ন উন্নয়নকাজে ৯১ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি বামনা ও বেতাগী এলাকায় নদীভাঙন রোধে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ৯০টি সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে এবং বিভিন্ন সড়কের উন্নয়নকাজও শুরু হয়েছে। স্কুল, মসজিদ ও মাদ্রাসার সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, উন্নয়নকাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ।
মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বেতাগীকে আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।