নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি পানাম নগরীর ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লীতে কারিগরদের কাজ প্রত্যক্ষ করেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সফরসঙ্গীদের নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি শতবর্ষী ঐতিহাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত কারুপল্লীর জামদানি পল্লী ঘুরে দেখেন এবং তাঁতশিল্পীদের কাজ পর্যবেক্ষণ করেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মুখপাত্র পূর্ণিমা রায়, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।
সোনারগাঁয়ে কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
পরিদর্শনকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য পরিচিত সোনারগাঁ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। মার্কিন রাষ্ট্রদূতের এ সফরে পানাম নগরীর ঐতিহাসিক নিদর্শন এবং জামদানি শিল্পের ঐতিহ্য প্রত্যক্ষ করার সুযোগ তৈরি হয়।