ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং চার সহসভাপতি। বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং আর্থিক সহায়তা বাড়ানোর বিষয় উঠে আসে।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি। বিমানবন্দরেই তাঁর সঙ্গে আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।
বাফুফের সহসভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে বাফুফে সভাপতি ও অন্য কর্মকর্তারা বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় ইনফান্তিনোকে অবহিত করেছেন। বিশেষ করে কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির ভাষ্য, প্রয়োজন হলে বাংলাদেশের ফুটবলের জন্য ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো।
বাংলাদেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে ফিফার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারে প্রস্তাবিত টেকনিক্যাল সেন্টার নির্মিত হলে দেশের ফুটবলারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৈঠক শেষে রোববার দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর। আগামী ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতি করার সম্ভাবনা রয়েছে ফিফা সভাপতির। তবে ওই সময়ে বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে থাকবেন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের সঙ্গে এই বৈঠক বাংলাদেশের ফুটবলের উন্নয়ন পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে বাফুফে।