
শনিবার সন্ধ্যায় পাইকপাড়া গ্রামে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় তাঁরা আব্দুল আলীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সভায় বক্তব্যে উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল আলীম ইউনিয়নের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দলের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। এ ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের চাহিদা ও সমস্যাকে প্রাধান্য দেওয়া হবে। রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আব্দুল আলীম আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তৃণমূলের ঐক্য, মানুষের ভালোবাসা আর সম্মিলিত প্রচেষ্টাই হবে আমাদের নির্বাচনী পথচলার মূল শক্তি।’ এ সময় তিনি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় বিএনপি নেতা ওয়াদুদ মন্ডল, লালমিয়া বাদশা, রমজান, নূরুল মন্ডল, সাখাওয়াত হোসেন, নাজমুল মন্ডল, রফিকুল ইসলাম ও ওমর আলীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য দেন।