বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) তিন দিনব্যাপী ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৬’ (BUPIMUN 2026) অনুষ্ঠিত হয়েছে।
১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ১৭ অক্টোবর বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এবং বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে সম্মেলনটি আয়োজন করা হয়।
সম্মেলনে ৪০ জন নির্বাহী বোর্ড সদস্য এবং বিইউপি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৪৭ জন শিক্ষার্থী ও প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, এ সম্মেলনের মূল লক্ষ্য বৈশ্বিক কূটনীতি সম্পর্কে শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আন্তবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার করা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।
জাতিসংঘের কার্যক্রমের আদলে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি নেতৃত্বের দক্ষতা, কূটনৈতিক আলোচনা এবং বৈশ্বিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও সম্মেলনটি ভূমিকা রাখে।
সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।