সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়ন আদেশ আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) জারি করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে পদায়ন আদেশ জারির নতুন তারিখ জানানো হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর পদায়ন আদেশ জারির কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তা জারি না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় লটারি সম্পন্ন হয়েছে। বাকি জেলাগুলোতে শনিবার ও রোববার লটারির আয়োজন করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, শনিবার শিক্ষকদের পদায়ন নির্ধারণে লটারি অনুষ্ঠিত হবে। এতে নবনিযুক্ত শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রোববার একই দিনে লটারি ও পদায়ন আদেশ জারির চাপ কমাতেই আগাম এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ইতোমধ্যে লটারি সম্পন্ন করে পদায়ন আদেশ জারি করেছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পরে প্রায় আট মাস পর, গত ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।