ইনানীতে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত সাতজন। তাঁদের

2026-10-17T14:27:34+00:00
2026-10-17T14:27:34+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইনানীতে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম 
ছবিঃ ভোরের ডাক

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত সাতজন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রিসোর্টটিতে অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না। এ নিয়ে গত জুন মাসেই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকর্মীদের আধা ঘণ্টার বেশি সময় লাগে। সকাল ৮টার দিকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতরে তল্লাশি চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। প্রথমে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। পরে আরও একজনের মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়ে। এরপর আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছায়।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এ বিষয়ে গত জুন মাসেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। আগুনের সূত্রপাত, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তদন্ত চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: