ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পতাকা হাতে পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচি ঠেকাতে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে সেন্ট্রাল পার্কে তিরঙ্গা মার্চ নামে পতাকা হাতে পদযাত্রা করার কথা রয়েছে সিজেপির। কর্মসূচিকে কেন্দ্র করে পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
গত মঙ্গলবার সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এ পদযাত্রার ডাক দিয়েছে দলটি। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে সংগঠনটি।
প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য যন্তর মন্তরে অনুমতি না পাওয়ায় সেন্ট্রাল পার্ককে বেছে নিয়েছে সিজেপি। শুক্রবারের কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, কর্মসূচিতে অংশ না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। অন্যদিকে, প্রশাসনিক কারণ দেখিয়ে সেন্ট্রাল পার্ক শুক্রবার ও শনিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।
সিজেপির কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার অনুরাগ কুমার। বৈঠক শেষে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের কোনো পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট একটি গোষ্ঠীকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা বহন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস