যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু ও আরেক শিক্ষক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি অঙ্গরাজ্যটির বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজনের বয়স ১৬ বছর। ওই কিশোরও ঘটনাস্থলে নিহত হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী বিদ্যালয়ের একটি তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। ওই কিশোর আগে কখনো এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম ফোনকল আসে। এর পরের কয়েক মিনিটে হামলার বিষয়ে আরও একাধিক ফোনকল পান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হামলায় আহত সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর হামলার উদ্দেশ্য এবং বিদ্যালয়ের সঙ্গে সন্দেহভাজন কিশোরের কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: আলজাজিরা