শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষা ও উন্নয়নের জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। সে লক্ষ্যেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বগুড়ার গোদারপাড়া জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, দেশের ইতিহাসে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, সারাদেশে নতুন করে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।