ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকট চরমে, মাসের পর মাস দুর্ভোগে হাজারো পরিবার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া শহরে আবাসিক গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। মাসের পর মাস পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না করতে হিমশিম

2026-10-13T16:53:54+00:00
2026-10-13T16:53:54+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকট চরমে, মাসের পর মাস দুর্ভোগে হাজারো পরিবার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া শহরে আবাসিক গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। মাসের পর মাস পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় রান্নাবান্না করতে হিমশিম খাচ্ছেন হাজারো পরিবারের সদস্যরা। বাসাবাড়িতে গ্যাসের সংযোগ থাকলেও দিনের বড় একটি সময় চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা খরচ করে এলপিজি সিলিন্ডার কিনে রান্নার কাজ চালাতে হচ্ছে অনেক পরিবারকে। এতে চরম ভোগান্তির পাশাপাশি বাড়ছে সংসারের ব্যয়।

দীর্ঘদিন ধরে চলা এ সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে গৃহিণীদের। সকালে নাশতা তৈরি থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার রান্না—প্রতিটি কাজেই তৈরি হচ্ছে অনিশ্চয়তা। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও শিশুদের সময়মতো খাবার প্রস্তুত করতে গিয়ে বিপাকে পড়ছেন পরিবারের সদস্যরা।

শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, কখনো গ্যাসের চাপ এতটাই কম থাকে যে চুলা জ্বললেও প্রয়োজনীয় তাপ পাওয়া যায় না। এতে খাবার রান্না করতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগে। কোনো কোনো সময় রান্না অসম্পূর্ণ রেখেই বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে হয়।

ভুক্তভোগীরা জানান, আবাসিক গ্যাস সংযোগ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল সহজে ও তুলনামূলক কম খরচে রান্নাবান্নার সুবিধা পাওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

অনেক পরিবারকে এখন নিয়মিত গ্যাস বিল পরিশোধের পাশাপাশি রান্নার জন্য এলপিজি সিলিন্ডারও কিনতে হচ্ছে। ফলে একই প্রয়োজনে দ্বিগুণ খরচের বোঝা বহন করতে হচ্ছে গ্রাহকদের। আয় সীমিত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই বাড়তি এ ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন।

তাঁদের প্রশ্ন, নিয়মিত গ্যাস বিল দিয়েও যদি প্রয়োজনীয় সরবরাহ না পাওয়া যায়, তাহলে বিকল্প জ্বালানির বাড়তি খরচ কেন বহন করতে হবে?

ব্রাহ্মণবাড়িয়া শহরের আবাসিক গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। গত ১২ অক্টোবর তিনি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

এ সময় শহরের বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন, তা তুলে ধরা হয়। পাশাপাশি সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জেলা পরিষদ প্রশাসকের এ উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। তবে তাঁদের প্রত্যাশা, আলোচনা যেন কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে; দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আবাসিক গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হোক।

শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা গ্যাস সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সরবরাহব্যবস্থা পর্যালোচনা করে লাইনে পর্যাপ্ত চাপ নিশ্চিত করা এবং দীর্ঘদিনের সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ভুক্তভোগীদের প্রত্যাশা, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করার ব্যবস্থা নেবে। এতে একদিকে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমবে, অন্যদিকে বিকল্প জ্বালানি কিনতে গিয়ে যে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, তা থেকেও মুক্তি পাবেন গ্রাহকেরা।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের দীর্ঘদিনের গ্যাস সংকট কত দ্রুত নিরসন হয় এবং আবাসিক গ্রাহকেরা কবে নাগাদ স্বাভাবিক সরবরাহ ফিরে পান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: