সৌদিগামী ফ্লাইটে সতর্কতা, যাত্রীদের খাবার-পানি ও টিকিটের টাকা ফেরত নিশ্চিতের নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব থেকে ঢাকাগামী

2026-10-13T15:35:00+00:00
2026-10-13T15:35:00+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদিগামী ফ্লাইটে সতর্কতা, যাত্রীদের খাবার-পানি ও টিকিটের টাকা ফেরত নিশ্চিতের নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা দেওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব থেকে ঢাকাগামী ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা সময়সূচি পরিবর্তনের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীদের দ্রুত তথ্য জানানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে চিঠি দিয়ে এসব নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনায় উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। এ অবস্থায় সৌদি আরবে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইনসকে অবিলম্বে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা সময়সূচি পরিবর্তন হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের এসএমএস, ফোনকল, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত জানাতে হবে। একই সঙ্গে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রাসূচি, পুনরায় টিকিট বুকিং, অর্থ ফেরত এবং অন্যান্য প্রযোজ্য ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে।

বিমানবন্দরে অবস্থানরত কিংবা ফ্লাইটের পরিবর্তন সম্পর্কে না জেনে সেখানে চলে আসা যাত্রীদেরও যথাযথ সহায়তা নিশ্চিত করতে হবে। কোনো যাত্রী যেন প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা না পেয়ে অসহায় অবস্থায় পড়ে না থাকেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্লাইটের জন্য অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত যাত্রীদের বসার ব্যবস্থা, পানীয় জল, নাশতা, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা দিতে হবে এয়ারলাইনসগুলোকে। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় যাত্রীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের কারণে কারও ভিসার মেয়াদ বাড়ানো কিংবা অভিবাসনসংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীকে সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় সৌদি দূতাবাস এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়ে সমন্বয়ের জন্য প্রতিটি এয়ারলাইনসকে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগকে জানাতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল করে। এসব রুটে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের কারণে যাত্রীদের যাত্রাসূচি পরিবর্তন ও ভোগান্তির আশঙ্কায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: