ইউনূসকে হেনস্তা: ‘আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছাড় দেওয়া হবে না’

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার চেষ্টার অভিযোগের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার।

2026-10-13T14:30:04+00:00
2026-10-13T14:30:04+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
ইউনূসকে হেনস্তা: ‘আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছাড় দেওয়া হবে না’
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম 
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার চেষ্টার অভিযোগের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, মঙ্গলবার সকালে তিনি ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার বিষয়টি জানতে পেরেছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. ইউনূস রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন বলেই তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ড. ইউনূস ও তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অতীতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে সমালোচনা করা এবং কাউকে প্রকাশ্যে হেনস্তা বা ভয়ভীতি দেখানো এক বিষয় নয়।

তাঁর ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রতি প্রতিশোধপরায়ণতা থেকেই এ ধরনের ঘটনা ঘটছে। শুধু ড. ইউনূস নন, যুক্তরাষ্ট্রে বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তি ও জুলাই আন্দোলনের কয়েকজন ছাত্র সমন্বয়কও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘এটা একেবারে স্পষ্টতই একটা সহিংসতা।’ বিদেশের আইনগত পরিবেশের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা হয়তো আরও বেশি সহিংস আচরণ করতে পারছেন না, তবে তাঁদের মধ্যে এ ধরনের প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করায় বিদেশে একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন বলে জানান জাহেদ উর রহমান। তাঁর দাবি, ওই অভিনেত্রী শুধু জুলাই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এ কারণে তাঁকে বিরূপ আচরণ ও হেনস্তার মুখোমুখি হতে হয়েছে।

এ ধরনের ঘটনাকে ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে সরকারের কোনো ঘাটতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে জানতে চান, আগে এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘প্রেশার গ্রুপ’ হিসেবে ব্যাখ্যা করা হতো। বর্তমান ঘটনার মূল্যায়ন কীভাবে করছে সরকার?

জবাবে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব অতীতে কোনো ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করেছেন, তার জবাব সংশ্লিষ্ট ব্যক্তিই দিতে পারবেন। এ বিষয়ে তিনি অন্য কারও ব্যাখ্যার পক্ষে বা বিপক্ষে মন্তব্য করতে চান না।

তবে বর্তমান ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে জুলাই আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ আচরণের ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, অতীতের কোনো ঘটনার ব্যাখ্যা দিয়ে বর্তমানে সংঘটিত হেনস্তা বা সহিংস আচরণকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।

ড. ইউনূসসহ জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হেনস্তার ঘটনা নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমের সংবাদ উপস্থাপনের ধরনও ব্রিফিংয়ে আলোচনায় আসে। এক সাংবাদিক অভিযোগ করেন, কিছু গণমাধ্যমের সংবাদ উপস্থাপনায় এমন ধারণা তৈরি হয়, যেন সংশ্লিষ্ট ব্যক্তিরা হেনস্তার শিকার হওয়ার যোগ্য।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে এ ধরনের সংবাদ উপস্থাপনের প্রবণতা সরকারের নজরে রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবেও বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

তবে কোনো গণমাধ্যমের প্রতিবেদন বা ব্যাখ্যা সরকারের পছন্দ না হলেই ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে না বলে জানান তিনি। তাঁর মতে, প্রতিটি গণমাধ্যমের কোনো ঘটনাকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার স্বাধীনতা রয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, কোনো ঘটনা নিয়ে অযৌক্তিক বা উদ্ভট ব্যাখ্যা দেওয়া হলে তা শেষ পর্যন্ত মানুষের কাছে প্রত্যাখ্যাত হতে পারে। তবে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে কেউ আইনি সীমা লঙ্ঘন করলে এবং তাতে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন। এ ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য দেশের বিচারব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: