
প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতি বিবেচনায় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।
সোমবার (১২ অক্টোবর) সকালে দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পর জলাবদ্ধতা দেখা দেয়। এতে কয়েকটি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে।
ভারতীয় আবহাওয়া বিভাগের সকাল ৬টার সতর্কবার্তায় ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়।
ভারী বৃষ্টিতে মধ্য দিল্লির করোল বাগের ঝান্ডেওয়ালান মন্দিরসংলগ্ন এলাকাসহ বিভিন্ন নিচু স্থানে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনচালকেরা। জলমগ্ন সড়ক এড়িয়ে চলতে এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
তবে সকালের ভারী বৃষ্টির পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।