সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রবিবার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন, যাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মাওলানা গাজী আতাউর রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করতে হবে।
হতাহত বাংলাদেশিদের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।