যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের লিখিত নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। ঘেরাও কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরীক্ষা বাতিলের ঘটনায় তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে পরে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে জাতীয় যুবশক্তি।
যুবশক্তির পাঁচ দফা দাবি
কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। দাবিগুলো হলো—
১. যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।
২. প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।
৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং মৌখিক পরীক্ষায় নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।
৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।