আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নেমেই নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের এই আবেগঘন সমাপ্তিতে শুধু আর্জেন্টিনা নয়, আবেগে ভেসেছেন বাংলাদেশের তারকারাও।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর প্রিয় তারকাকে বিদায় জানানোর কষ্ট।
‘শেষবারের মতো’ মেসিকে দেখে পূর্ণিমার আবেগ
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
পূর্ণিমার এই কথায় ফুটে উঠেছে মেসিকে ঘিরে তার দীর্ঘদিনের আবেগ। আর্জেন্টিনার জার্সিতে প্রিয় তারকার শেষ উপস্থিতি যে তার জন্য কতটা বেদনাদায়ক, সেই অনুভূতিই প্রকাশ পেয়েছে তার পোস্টে।
‘আজ একটা যুগের শেষ অধ্যায়’—পরীমনি
মেসির বিদায়কে শুধু একজন ফুটবলারের শেষ ম্যাচ হিসেবে দেখছেন না চিত্রনায়িকা পরীমনি। তার কাছে এটি একটি যুগের সমাপ্তি।
দীর্ঘ এক আবেগঘন বার্তায় পরীমনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’
মেসিকে ঘিরে নিজের পুরোনো স্মৃতির কথাও তুলে ধরেছেন তিনি। বহু রাত জেগে মেসির খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস আর হারের পর কষ্ট—সবকিছুই বিদায়ী ম্যাচের সময় তার চোখের সামনে ভেসে উঠেছে বলে জানান পরীমনি।
বিশেষ করে ২০২২ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার মুহূর্তটি তিনি স্মরণ করেছেন। তার কাছে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখা।
পরীমনি আরও লিখেছেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’
ইরফান সাজ্জাদের চোখেও বিদায়ের আবেগ
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
মেসির বিদায়ী ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক অনন্য সমাপ্তি। ৩৯ বছর বয়সী এই তারকা বেনিনের বিপক্ষে পেনাল্টি থেকে নিজের ১২৬তম আন্তর্জাতিক গোল করেন এবং এর আগে সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেন।
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৮ ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১২৬ গোল করে বিদায় নিলেন মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক বড় শিরোপা জেতা এই মহাতারকার বিদায় তাই ফুটবলপ্রেমীদের কাছে শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়—একটি যুগের অবসানও।