ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিষিদ্ধ দলের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকবে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবিপ্রধান।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
তিনি বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো দেশে চালানোর সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে ডিবি কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিপ্রধান বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে ঢাকা মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট ও সজাগ রয়েছে। যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার কথাও জানান তিনি।
শফিকুল ইসলাম আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।