ভোলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা আলোচিত মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলীকে নীলফামারী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযানটি পরিচালনা করে এসআরবি-৪ ও এসআরবি-১৩-এর একটি যৌথ আভিযানিক দল।
মামলার এজাহার ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি জানায়, গত ১৮ আগস্ট বিকেলে শিশুটি তার খালা বিবি শাহিদার বাসায় চিনি আনতে যায়। চিনি নিয়ে ফেরার পথে ইউসুফ আলী শিশুটিকে দেখতে পেয়ে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন। পরে তাকে প্রতিবেশীর একটি পরিত্যক্ত রান্নাঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ইউসুফ আলী ধর্ষণের চেষ্টা করেন বলে মামলার অভিযোগ। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। তখনই অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়। মামলার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইউসুফ আলীর অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে নীলফামারীর কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার ইউসুফ আলীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।