হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের সব বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছে ওয়াশিংটন। ঘাঁটির আশপাশে সন্দেহজনক যানবাহন ঘিরে নিরাপত্তা উদ্বেগ

2026-10-05T12:29:14+00:00
2026-10-05T12:29:14+00:00
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম 
ছবি : বিবিসি

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের সব বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়েছে ওয়াশিংটন। ঘাঁটির আশপাশে সন্দেহজনক যানবাহন ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী এ সিদ্ধান্ত নিল। একই ঘটনায় সন্ত্রাসদমন পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পেন্টাগনের এক কর্মকর্তা বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা প্রায় এক ডজন বি-১ ল্যান্সার বোমারু বিমানই সরিয়ে নেওয়া হয়েছে। ওই দিন ঘাঁটি থেকে একাধিক বি-১ উড়ে যেতে দেখা যায়।

তবে বিমান প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সরকারের সূত্রগুলো অবশ্য সিদ্ধান্তটির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া নিরাপত্তা ঘটনার যোগসূত্র পুরোপুরি নাকচ করেনি। বিবিসিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; বরং সামরিক ও অপারেশনাল বিবেচনায় নেওয়া হয়েছে। ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ২৭ সেপ্টেম্বর ফেয়ারফোর্ড ঘাঁটির আশপাশে তিনটি সন্দেহজনক যানবাহন চলাচলের খবর পেয়ে পুলিশকে সতর্ক করা হয়। এরপর ভোররাতে অভিযান চালিয়ে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক।

প্রথমে বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে তাদের আটক করা হলেও পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তদন্ত শুরু হয়। তবে তদন্তের অগ্রগতি বিবেচনায় পুলিশ তাদের জামিনে মুক্তি দেয়। পুলিশের ভাষ্য, অভিজ্ঞতা ও কৌশলগত বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর কয়েক দিন পর বৃহস্পতিবার লন্ডন থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ২৫ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক। তাকেও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক করা হয়েছিল। শনিবার সন্ত্রাসদমন পুলিশ জানায়, তাকেও জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটিতে ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তবে এর পক্ষে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। তেহরান অবশ্য এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ষষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তারের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ঘটনাটিতে ‘স্পষ্টতই’ কোনো বিদেশি শক্তির সম্পৃক্ততা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।

এদিকে গ্রেপ্তার পাঁচজনকে জামিনে ছেড়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আটক ব্যক্তিদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হতো না। একই সঙ্গে এ ঘটনায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরেই আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অগ্রবর্তী অপারেশনাল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ক্ষেত্রেও ঘাঁটিটির গুরুত্ব বেড়েছিল। ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযানের জন্য যুক্তরাজ্যের অনুমতি পাওয়ার পর ফেয়ারফোর্ড থেকেই বি-১ ও বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশে উড়েছিল।

এর আগে জুলাইয়ে ইরান সতর্ক করে বলেছিল, ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত যেকোনো ঘাঁটি তাদের বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হতে পারে।

ফলে নিরাপত্তা উদ্বেগের মধ্যে ফেয়ারফোর্ড থেকে মার্কিন সব বোমারু বিমান প্রত্যাহারের ঘটনা যুক্তরাজ্য-মার্কিন সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: