কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ৬০০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ মাস্টার এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গাজী রাকিবুর ইসলাম সুমনসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এতে অন্তত ৬০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন বলে স্থানীয়দের দাবি।
বন্যার পানিতে প্রায় ১ হাজার ৬০ হেক্টর জমির ধান, পাট, কলা, পেঁপে, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
গত কয়েক দিনে পদ্মার পানি কিছুটা কমলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ পুরোপুরি কাটেনি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যসংকটসহ পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কা। পাশাপাশি বন্যার কারণে প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এ অবস্থায় দুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা আরও বাড়ানো এবং বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।