সায়েন্সল্যাবে রণক্ষেত্র, ঢাকা কলেজ-আইডিয়ালের সংঘর্ষে আহত শিক্ষার্থী

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

2026-09-27T14:41:46+00:00
2026-09-27T14:41:46+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
সায়েন্সল্যাবে রণক্ষেত্র, ঢাকা কলেজ-আইডিয়ালের সংঘর্ষে আহত শিক্ষার্থী
অতিরিক্ত পুলিশ মোতায়েন
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা কলেজের একটি বাস সায়েন্সল্যাব এলাকা দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাসটির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী জানান, ক্লাস শেষে ছুটির পর কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। পরে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করেন তিনি।

ওই শিক্ষার্থী বলেন, তাঁরা নতুন শিক্ষার্থী। বাসায় যাওয়ার পথে হঠাৎ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে তাঁরা শঙ্কিত।

এদিকে, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল কলেজ প্রশাসন। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস জানান, কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

তিনি আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত রাখতে শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে প্রায় ৬০ জন পুলিশ সদস্য এলাকায় দায়িত্ব পালন করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে তাঁদের ওপর কর্তৃত্ব করতে দিতে চান না তাঁরা। এ সময় তাঁরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহালসহ কয়েকটি দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: