অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ঘুরে বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। সুযোগ পেলেই ছুটে যান নতুন কোনো জায়গায়। এবার ইউরোপ সফরে গিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের শিল্প-সংস্কৃতির আবহে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সুনেরাহ্। ছবিগুলোতে তাকে মাদ্রিদের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘শিল্পের দুনিয়ায় হারিয়ে যাওয়া।’
সুনেরাহ্র প্রকাশ করা ছবিগুলো স্পেনের মাদ্রিদে তোলা। সফরে তিনি ঘুরেছেন বিখ্যাত মুসেও দেল প্রাদোতে। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প জাদুঘর হিসেবে পরিচিত এই জাদুঘরটি বিশেষ করে স্প্যানিশ চিত্রকলার ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত।
জাদুঘরের ভেতরে শিল্পকর্ম দেখার পাশাপাশি নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন সুনেরাহ্। পরে সেই ছবিগুলোই ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
জানা গেছে, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই ইউরোপে অবস্থান করছেন সুনেরাহ্। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
এবার মাদ্রিদের শিল্পের জগতে তার ঘোরাঘুরির ছবিগুলোও ভক্তদের নজর কেড়েছে। ছবিতে কখনো শিল্পকর্মের সামনে, আবার কখনো জাদুঘরের বিভিন্ন স্থানে দেখা গেছে তাকে।