চাকা নষ্ট হয়ে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ছিল বাসটি। মুহূর্তেই পেছন থেকে ছুটে আসা আরেক বাসের সজোরে ধাক্কা—দুমড়েমুচড়ে গেল দুই বাস, ঘটনাস্থলেই নিভে গেল তিনটি প্রাণ। শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল পালকি পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছানোর পর বাসটির চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ছয়জন।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী লেনে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।