জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন অভিনেতা, নাট্যকার, লেখক ও অন্যান্য সংস্কৃতিকর্মীরা। কর্মসূচি থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ সিরিজের অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক মানুষকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনে চলমান যুদ্ধ ও বেসামরিক মানুষের প্রাণহানির প্রতিবাদ জানিয়ে তারা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন।
বিক্ষোভে বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েল।
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জিউয়িশ ভয়েস ফর পিস-এর আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে গাজায় সহিংসতা বন্ধ এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি তুলে ধরা হয়।
পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর একপর্যায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১০৩ জনকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে সারান্ডন ও আইনবাইন্ডারও ছিলেন।
গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার শামিল বলে অভিহিত করেছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হান্নাহ আইনবাইন্ডার। তিনি বলেন, তাদের গ্রেপ্তারের বিষয়টি যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগের দিকে মানুষের দৃষ্টি ফেরায়।
সুসান সারান্ডনও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার এবং গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে অবস্থান জানিয়ে আসছেন। নেতানিয়াহুর জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে সাম্প্রতিক এই বিক্ষোভে সংস্কৃতি অঙ্গনের তারকাদের অংশগ্রহণ নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি করেছে।
সূত্র: CNN