বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশিকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস-এর প্রতিবেদনের বরাতে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধার করা মাদক জব্দ করেছে। আটক বাংলাদেশিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কুয়েতে মাদকের বিরুদ্ধে কঠোর নীতি রয়েছে। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হয়।
এদিকে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটে এত বিপুল পরিমাণ মাদক কীভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ ঘটনাটির বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তবে মাদক কীভাবে বাংলাদেশ থেকে কুয়েতে পৌঁছেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।