ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের মো. আওয়াল মিয়ার ছেলে মো. আরজান মিয়া। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাসিরনগর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি টাইলসের দোকানের পাশে কাশবনের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঝোপের ভেতর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং ক্রাইম সিন হিসেবে সংরক্ষণ করে।
পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরজান মিয়া অটোরিকশা চালাতেন। তার ব্যবহৃত অটোরিকশাটি নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল বেণীপাড়া এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে।
তবে আরজানকে কীভাবে, কেন এবং কারা হত্যা করেছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির পর হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।