লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি কিক আর লুইস সুয়ারেজের গোলে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। সান ডিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল দলটি।
মায়ামির মাঠে শুরুতেই এগিয়ে যায় সান ডিয়েগো। ১২ মিনিটে গোল করেন আন্দের্স ড্রেয়ার। ২৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তাঁর ২০তম গোল এবং ইন্টার মায়ামির হয়ে ১০১তম।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তখন জয়টা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল মায়ামির জন্য।
কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৮২ মিনিটে আবারও গোল করেন ড্রেয়ার। তাঁর দ্বিতীয় গোলেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে ২৬ ম্যাচে মায়ামির পয়েন্ট দাঁড়াল ৪৬। দলটি ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় অবস্থানেই আছে। আর এমএলএসে টানা চার ম্যাচে জয়হীন থাকার ধারা আরও দীর্ঘ হলো।