দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুই মন্ত্রী।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান তারা। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে প্রকল্পটিতে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। ভুটানের এই উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ এর আগেও কূটনৈতিক পর্যায়ে জানানো হয়েছিল।
বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রসঙ্গও উঠে আসে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের দুই মন্ত্রী।
বাংলাদেশ ও ভুটান এর আগেও সার্ককে পুনরুজ্জীবিত করে আঞ্চলিক সংহতি ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় প্রায় এক ঘণ্টা ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।