খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও সীসার গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গ্রেপ্তারদের মধ্যে মো. ডালিম খান নামে একজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লবণচরা এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লবণচরা থানার আমতলা ২য় গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম খান (৪০), তার সহযোগী রানা এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮)। ডালিম খান ভাজাওয়ালা এলাকার মৃত নওয়াব আলী খানের ছেলে। রানা আনিসের ছেলে। নয়ন নুরুল হকের ছেলে। তাদের সবার বাড়ি খুলনার লবণচরা এলাকায়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল আমতলা ২য় গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন ধারায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। তার পিসি-পিআর পর্যালোচনা করে এসব মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এসআরবি-৬ আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হবে।