সুশাসনের পথে কোনো বাধা সহ্য করা হবে না: আইনমন্ত্রী

খুলনা সংবাদদাতা

সারাদেশ

সুশাসন প্রতিষ্ঠার পথে যেকোনো অন্তরায় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত

2026-09-15T20:08:21+00:00
2026-09-15T20:08:21+00:00
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুশাসনের পথে কোনো বাধা সহ্য করা হবে না: আইনমন্ত্রী
খুলনা সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম 
সংগৃহীত ছবি
সুশাসন প্রতিষ্ঠার পথে যেকোনো অন্তরায় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তবে অপরাধ দমনে কোনো বেআইনি পথ নয়, আইন ও মানবাধিকারের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘কেউ মহা অপরাধী হলেও তাকে বেআইনিভাবে খুন হতে দেওয়া যাবে না। সন্ত্রাস দমনে আইনসংগতভাবেই এগোতে হবে। ক্রসফায়ার কোনো আইনি কাঠামোর মধ্যে পড়ে না। তাই আমরা ওই পথে যাব না। সন্ত্রাস দমনে প্রচলিত আইনই যথেষ্ট। প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, বিগত ১৭ বছরে দলীয়করণের কারণে রাষ্ট্রযন্ত্রে ব্যাপক পচন ধরেছিল। এ সময়ে মানবতাবিরোধী অপরাধ, গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানির মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। রাষ্ট্রযন্ত্রের দীর্ঘদিনের ‘আবর্জনা’ পরিষ্কার করতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। মানবতাবিরোধী অপরাধসহ সব অপরাধের বিচার করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে একটি পচে যাওয়া সমাজব্যবস্থা মেরামতের চেষ্টা চলছে। রাষ্ট্রযন্ত্রে যে পচন ধরেছিল, তা পরিষ্কার করে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

রূপসা ঘাটে নদী পারাপারের পর যাত্রীদের ব্যাগ বহনের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইনমন্ত্রী। প্রয়োজনে পরদিন থেকেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

রূপসা সেতুর অ্যাপ্রোচ সড়ক (শিপইয়ার্ড) নির্মাণে অনিয়মের অভিযোগকে ‘মহাদুর্নীতি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৩ দশমিক ৭৫ কিলোমিটার সড়কের প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮০ কোটি টাকায়।

মন্ত্রী জানান, প্রকল্পটির মেয়াদ চতুর্থবার বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর তদন্ত করা হয় এবং তদন্তে রূপসা ঘাট এলাকায় সড়ক নির্মাণে বড় ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘পাঁচ-দশজন ব্যক্তি লাভবান হওয়ার জন্য পুরো দলের বদনাম সরকার মেনে নেবে না। প্রশাসনকে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

জামিনের বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না। টেলিফোন করে কাউকে জামিন দেওয়া বা না দেওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই আসে না।

সরকারি কৌঁসুলিরা আইন অনুযায়ী জামিনের বিরোধিতা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কোনো মামলায় সরকারি কৌঁসুলির কার্যালয় মৃদু আপত্তি জানালে বা আপত্তি না তুললে তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করতে হবে।

মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের কার্যকারিতা তুলে ধরে মন্ত্রী বলেন, শৈলকূপা ও ঝিনাইদহে এ পদ্ধতি কার্যকরভাবে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তির ঘটনাস্থলেই পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ মিললে বিচারিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সামারি ট্রায়ালের ব্যবস্থা করা হচ্ছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, সাইবার অপরাধ ও দখলবাজিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এসব সমস্যা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারি হেলাল, আমির এজাজ খান, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: