আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন, দেশে যেন ফ্যাসিস্টরা আর ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং স্বজনদের যেন প্রিয়জনের অপেক্ষায় থাকতে না হয়—এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। মতের অমিল থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে ফ্যাসিজমের পথ বন্ধ করতে হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের ভিতর মতের অমিল থাকবে, কিন্তু এক জায়গায় মিল থাকতে হবে—এই দেশ আমাদের। এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিজমের পথ আমাদের বন্ধ করতে হবে।
সভায় বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।