গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে দালালের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক তরুণীকে ঢাকায় নেওয়ার পর প্রায় দেড় বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তানিয়া নামের ওই তরুণীর পরিবারের দাবি, দীর্ঘ সময় ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতনের পাশাপাশি নিয়মিত খাবারও দেওয়া হয়নি।
তানিয়ার পরিবারের ভাষ্য, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা তানিয়াকে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে তোফাজ্জল নামের এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যে বাসায় তাকে কাজে দেওয়া হয়, সেখানে যাওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয় বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী তানিয়ার দাবি, দীর্ঘ সময় তাকে মানবেতর পরিবেশে থাকতে হয়েছে। এমনকি প্রায় এক বছর ধরে তাকে নিয়মিত খাবার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘদিনের নির্যাতন ও অনাহারের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তানিয়া অভিযোগ করে বলেন, তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা কোনো মানুষের প্রতি করা উচিত নয়। ভবিষ্যতে আর কোনো নারী বা কিশোরী যেন এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সে জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তানিয়ার পরিবার অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে পরিবারটি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের দেশের বিভিন্ন শহরে পাঠানোর ক্ষেত্রে দালালদের ভূমিকা এবং কর্মস্থলে তাদের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তানিয়ার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।