মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। অংশগ্রহণকারীদের হাতে ‘মাদকমুক্ত সমাজ গড়ি’সহ মাদকের কুফলবিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ। প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হামিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় মাদকের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে ওসি কায়ছার হামিদ বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে লামা থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক সমাজের অন্যতম প্রধান শত্রু। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক কারবারি বা তাদের পৃষ্ঠপোষক যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও পুলিশ সতর্ক রয়েছে।
স্থানীয়দের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়া হলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।