ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে নিজ নিজ এলাকায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ২৫১ শয্যায় উন্নীত করা প্রয়োজন।
পরে ১৩টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।