চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা, সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদকবিরোধী নাটিকা আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মুহূর্তেই একটি সুন্দর জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে মাদকাসক্তির কারণে একটি পরিবারও বিপর্যয়ের মুখে পড়ে। মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে পরিবার ও সমাজের ভালোবাসা এবং সম্মান হারান।
তিনি সন্তানদের প্রতি পরিবারের সদস্যদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনকে ভালোবেসে মাদককে চিরতরে ‘না’ বলতে হবে। সবাইকে সম্মিলিতভাবে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা জরুরি। মাদক শুধু একজন নারীর প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না, এর ক্ষতিকর প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম।
পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় শিক্ষার্থীরা ‘মাদককে না বলি’ লেখা লাল কার্ড প্রদর্শন করে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে।
অনুষ্ঠানের শেষপর্বে মাদকবিরোধী সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও মাদকবিরোধী নাটিকা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৪ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।