মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লায় সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাজা শেষে আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।
পরে কুমিল্লার পরানপুরে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেনা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।