সিরাজগঞ্জ শহরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ির গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে থাকা গ্যাস রাইজারে হঠাৎ আগুন জ্বলে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছান। বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কেউ আহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।