রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, নারায়ণ চন্দ্রের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর আগেও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
সর্বশেষ মঙ্গলবার রাতে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভিন্ন মন্তব্যসংবলিত একটি ফটোকার্ড তার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় বলে অভিযোগ। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে কয়েকজন বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের সঙ্গে কথা বলতে চান।
পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই ফটোকার্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে। ফটোকার্ডটির নিচে ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামে একটি নামও উল্লেখ ছিল বলে জানা গেছে।
ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, নারায়ণ চন্দ্র এর আগেও ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাকে এ ধরনের পোস্ট না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এরপরও মঙ্গলবার রাতে নতুন করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করলে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রায় ২৫ বছর ধরে নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।