চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন। একই ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ অনুশীলন চলছিল।