স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। ভোটগ্রহণের পাশাপাশি পোস্টাল ব্যালটসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও কাজ চলছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী আসনটিতে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই উপনির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।