যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় যশোরে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোরের কাশিপুর বিওপির কাছে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর বীরত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।